
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উত্তর শাহজাহানপুরে এ কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের মধ্যে স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ কার্যক্রম নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও গতিশীল করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা ও কল্যাণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, কর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি মোকাবিলায় চার লাখ টাকা করে ভাতার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে। কর্মীদের সুরক্ষাসামগ্রী সরবরাহে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, নাগরিকদেরও—এমন মন্তব্য করে প্রশাসক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য রাখার এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা না ফেললে নগরীর পরিবেশ ভালো রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি কমানোও সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।
নাগরিক সেবার বিষয়ে অভিযোগ থাকলে তা সিটি করপোরেশনকে জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও অভ্যাসের পরিবর্তন প্রয়োজন।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, সতর্কতামূলক ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট। এসব উপকরণ কর্মীদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ডিএসসিসি এর আগেও কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ এবং বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্র আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করেছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন