
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা শিবিরে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আমীর/সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্রের মূল দায়িত্ব নাগরিকের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে দুর্নীতি, ঘুষ ও নানা অনিয়ম সমাজে বিস্তার লাভ করে। তাই নৈতিকতা ও চরিত্র গঠনের পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা, পরামর্শভিত্তিক সিদ্ধান্ত, আত্মশুদ্ধি ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিকতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী তৈরির আহ্বান জানান।
প্রতিবন্ধকতায় হতাশ না হয়ে তা মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, দাওয়াতি ও সাংগঠনিক কাজে বাধা আসা স্বাভাবিক। আত্মশুদ্ধি, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও গণসম্পৃক্ততার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইনের সঞ্চালনায় আয়োজিত শিক্ষা শিবিরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ মসিউল আলমসহ অন্য নেতারা বক্তব্য দেন।
দিনের শুরুতে কুরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ। এছাড়া সহিহ কুরআন শিক্ষা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন