
নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) নূরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সুধারাম মডেল থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. আতিকুল্যা আতিক (৫৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার (এলাহি বক্স মিয়ার বাড়ি) বাসিন্দা। তার পিতা মৃত সামসুদ্দিন এবং মাতা মৃত সালেহা খাতুন।
এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন