
অভিবাসন খাতের বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি অনুবিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।
এ সময় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ ১৪ জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিদেশে কর্মসংস্থান বাড়ানো এবং অভিবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বক্তারা অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের জন্য নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন ব্যবস্থা জোরদার এবং তাদের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে দক্ষতা উন্নয়ন, সুশৃঙ্খল জনশক্তি প্রেরণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন