
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি সীমান্ত দিয়ে আটজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর কথিত চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক সতর্কতা ও কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিরা নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরে যান।
শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি সীমান্তের ১৫২/১-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথ ব্যবহার করে আটজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।
ঘটনার তথ্য পাওয়ার পরপরই বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করে। বিজিবির উপস্থিতি ও কড়া নজরদারির কারণে বাংলাদেশে প্রবেশ সম্ভব না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নদীপথেই ভারতের দিকে ফিরে যান। এতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মন্তব্য করুন