
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি পুরোনো এক্স নোহা গাড়ি চেকপোস্টের কাছাকাছি এলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় গাড়ির ভেতরে বিশেষভাবে রাখা ১২০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাগুলো জব্দ করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-চ-৫১-১২২৪।
এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তরিকুল ইসলাম রাজন (৩১), নীলফামারী জেলার জলঢাকা থানার তিলাই এলাকার বাসিন্দা এবং ফরহাদ হোসেন প্রকাশ রাহাত (৩০), সিলেট মহানগরের কোতোয়ালি থানার গাশিটোলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে এর আগে সাতটি মাদক মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা গাড়ি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন