
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তেজগাঁও কলেজের সামনে সেজান পয়েন্টে অবস্থান নিয়েছেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপি ও শিবির-সমর্থিত শিক্ষার্থীদের উদ্যোগ রয়েছে বলে জানা গেছে।
কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রাফি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজটির বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। পরে ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রানা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
মন্তব্য করুন