
লালমনিরহাটের আদিতমারীতে মাদক কারবার ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার শিকার লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ২০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২১ আগস্ট) রাতে তাঁর মৃত্যু হয়।
আরিফুল ইসলাম দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের বাসিন্দা। গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রথমে লালমনিরহাট ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এর মধ্যে গত ৬ আগস্ট আরিফুলের একটি ছেলে সন্তান জন্ম নেয়। তবে মৃত্যুর আগে নবজাতক সন্তানের মুখ দেখার সুযোগ পাননি তিনি।
এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় মামলা করেন। মামলায় স্থানীয় রহিদুল ইসলামকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
এদিকে শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন