
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) আইন ও বিধি অনুযায়ী পরিচালিত ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কথিত অপপ্রচার, হয়রানি ও কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এমএফআই রাইটস ফোরাম।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বক্তারা ক্ষুদ্রঋণ খাতের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরকারের প্রতি অসন্তোষ তৈরির ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ ইয়াকুব হোসেন (ইডি) ও অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন (ইভিসি)-কে অপসারণের দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এমএফআই রাইটস ফোরামের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হাসান ইমরান এবং সাংগঠনিক সম্পাদক কামরুলজামান সাগরসহ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে হয়রানি ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন