
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আদালতের এজলাসে সরকারের সমালোচনা করার অভিযোগে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে আদালতের বিভিন্ন সরঞ্জাম ও এজলাস কক্ষে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন দল দুটির নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে বিচারক মো. উজ্জল হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময়সীমাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিমের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে দলের কয়েকজন নেতাকর্মী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে যান। সেখানে বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে বিচারক সরকারের সমালোচনা করেছেন বলে অভিযোগ ওঠে।
তার ভাষ্য, বিষয়টি জানাজানি হওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে নেতাকর্মীরা প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বিচারককে প্রত্যাহারের দাবি জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী বিচারক উজ্জল হোসেনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভের একপর্যায়ে আদালতের কিছু সরঞ্জাম এবং এজলাস কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিচারক মো. উজ্জল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ছাত্রদল নেতাকর্মীদের আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা আদালত কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন