
জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার অপর দণ্ডিত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনকারীদের দমনে সহিংসতা, হত্যার নির্দেশ ও ষড়যন্ত্রের সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ গঠন করা হয়।
আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়। মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।
মন্তব্য করুন