
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পাঠ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী শপথনামায় স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাক্ষর সম্পন্ন করে তিনি নির্ধারিত আসনে বসেন এবং এর মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথের আগে রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করলে আনুষ্ঠানিকভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় অর্কেস্ট্রায় জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। জাতীয় সংগীত শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান।
পরে মন্ত্রিপরিষদ সচিবের অনুমতি নিয়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। শপথ পাঠের পর রাষ্ট্রপতি তার হাতে থাকা ফোল্ডারে থাকা দুটি নথিতে স্বাক্ষর করেন। এর একটি সরকারি সংরক্ষণে রাখা হবে এবং অন্যটি রাষ্ট্রপতির ব্যক্তিগত সংগ্রহে থাকবে।
শপথ অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়নে অংশ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন বিএনপির মনোনীত এই প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।
মন্তব্য করুন