
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার লক্ষ্যে দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও মার্কেট খোলা রাখা যাবে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সংশ্লিষ্ট সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসনসহ দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। একই সময়ের মধ্যে বিভিন্ন স্থানের অতিরিক্ত আলোকসজ্জাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় চলমান বা সামনে অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় রেখে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে।
এর আগে গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী, বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত চালু রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সে সময়সীমা নির্ধারণ করা হয়। এবার বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ জোরদার করতে সেই সময় এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো।
সরকারের এ সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির প্রভাব মোকাবিলায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন নির্দেশনা আজ বুধবার থেকেই কার্যকর হয়েছে।
মন্তব্য করুন