
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সাধারণ মানুষ, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ভোগান্তির জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার না করে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন খাতে নানা ধরনের দুর্বলতা দেখতে পেয়েছে। এর মধ্যে বর্তমানে জ্বালানি সংকট দেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির সংকটে জনগণের দুর্ভোগের বিষয়টি সরকার স্বীকার করছে এবং তা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সংকট মোকাবিলায় একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময় ও প্রস্তুতি দরকার। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে নতুন কোনো সংকট দেখা দিলেও যাতে দেশের মানুষ জ্বালানি সমস্যায় না পড়েন, সে লক্ষ্যেই দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর যেসব সমস্যা সামনে এসেছে, সেগুলোকে শুধু পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সংকট হিসেবে দেখিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। জনগণের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সমস্যাগুলোর কার্যকর সমাধান করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে যেসব মানুষ, শিল্প-কলকারখানার মালিক এবং ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের কাছে বিএনপির পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে অনুযায়ী সরকার কাজ করছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
সভায় অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহ বক্তব্য দেন।
এ ছাড়া জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সভাপতি এম মোনায়েম মুন্না, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সদস্যসচিব মোস্তফা জামান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন