
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার একটি চৌকস দল বুধবার (২০ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পূর্ব পিরলডাঙ্গা হাজীর মোড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল জব্দ করা হয়, যার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল হোসেন (৩২), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, গ্রাম- সেননগর, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়েছে।
ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন