
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীসংলগ্ন চরাঞ্চলে সক্রিয় বলে পরিচিত ‘কাকন বাহিনী’র সদস্য এবং একাধিক হত্যা, অস্ত্র ও ছিনতাই মামলার পলাতক আসামি রায়হান প্রামাণিক ওরফে রায়েন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন একটি বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রায়হান ফিলিপনগর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান হবি প্রামাণিকের ছেলে।
পুলিশের তথ্যমতে, রায়হানের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর ছাড়াও রাজশাহীর বাঘা ও নাটোর জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ছিনতাইসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি। মামলাগুলোর পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক হত্যা ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান পদ্মার চরাঞ্চলভিত্তিক ‘কাকন বাহিনী’র একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে হত্যা ও অস্ত্রসংক্রান্ত মামলাও রয়েছে।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দ হাজর মোড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘কাকন গ্রুপ’ ও ‘মঙ্গল গ্রুপের’ মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের তিনজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা বহুল আলোচিত হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন রায়হান।
ওই ঘটনার পর থেকে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, রায়হানের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন