
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন নেতাকর্মীরা।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব হোসেন সোহাগ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সচেতন করেন। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় ছাত্রদলের প্রশংসিত এ কর্মসূচিতে।
মন্তব্য করুন