
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজনের জন্য আহ্বায়ক নির্বাচিত ও কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন। শিক্ষার্থীদের ভোটে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মির্জা আবু বক্কর সিদ্দিক। অন্যদিকে, কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবু বকর রাশেদ।
শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৬তম ব্যাচের হল প্রতিনিধিরা অংশ নেন। ভোটের মাধ্যমে আহ্বায়ক নির্বাচিত করা হলেও কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাচিত আহ্বায়ক ও মনোনীত কোষাধ্যক্ষের নেতৃত্বে ব্যাচটির শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচিত আহ্বায়ক মির্জা আবু বক্কর সিদ্দিক বলেন, “কয়েক দিন আগে আমাদের শিক্ষা সমাপনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে যেসব কর্মসূচি নেওয়া হবে, সেগুলো ৪৬তম ব্যাচের প্রায় দুই হাজার শিক্ষার্থীর মতামত ও সম্মতিকে প্রাধান্য দিয়েই আয়োজন করা হবে।”
তিনি আরও বলেন, “আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানকে সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে চাই। বন্ধুদের প্রাপ্য যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করছি। সব কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় থাকবে।”
মনোনীত কোষাধ্যক্ষ আবু বকর রাশেদ বলেন, “৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোষাধ্যক্ষ হিসেবে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসায় আমাদের এই বিদায়লগ্ন আনন্দময় হয়ে উঠুক।”
মন্তব্য করুন