চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় চটপটি-ফুচকার দোকানের আড়ালে চোলাই মদের কারবার চালানোর অভিযোগে জাহিদুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ মে) রাতে বান্ডেল রোড সংলগ্ন বাঙালি সেবক কলোনি এলাকার ‘ঝাল বিতান’ নামের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় দোকানটির ভেতরে তল্লাশি চালিয়ে টেবিলের নিচ থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান বালী সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. আফতাব উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কোতোয়ালী থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে জাহিদুলের দেখানো স্থান থেকেই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।