
সাতক্ষীরার কালিগঞ্জে কোনো প্রকার বৈধ শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স ছাড়া নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত ‘নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার’-এ ঝটিকা অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ সনদ ছাড়াই নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে আসছিলেন এবং ওই ক্লিনিকে চেম্বার খুলে রোগীদের ব্যবস্থাপত্রসহ বিভিন্ন চিকিৎসাসেবা দিচ্ছিলেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা হাতেনাতে প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এই শাস্তি দেন।
ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে এই যৌথ অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। অভিযান শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। স্বাস্থ্য খাত নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নামধারী এই ভুয়া চিকিৎসকের গ্রেফতার ও সাজা পাওয়ার ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবার নামে দিনের পর দিন চলে আসা এই প্রতারণা বন্ধে প্রশাসনের এমন তাৎক্ষণিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে উপজেলার অন্যান্য এলাকায় লুকিয়ে থাকা ভুয়া ডাক্তার ও লাইসেন্সবিহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধেও নিয়মিত এমন অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মন্তব্য করুন