
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ইসলামী ব্যাংকের একটি এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এই চুরির মূল হোতা বুথেরই এক নিরাপত্তা প্রহরী। ঘটনার পর তিনি দূরবর্তী জেলা রংপুরে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে উদ্ধার করেছে চুরি যাওয়া সিংহভাগ টাকা।
গ্রেপ্তারকৃত নিরাপত্তা প্রহরীর নাম মো. আইয়ুব আলী (৫৬)। তার বাড়ি কক্সবাজার জেলায়।
পুলিশ ও বুথ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন দুপুরে সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওই কালেকশন বুথটি সাময়িকভাবে বন্ধ করে অন্য নিরাপত্তাকর্মীরা দুপুরের খাবার খেতে যান। এই সুযোগে ফাঁকা বুথে হানা দেন আইয়ুব আলী। বিকেলে বুথের টাকা গণনার সময় কর্মকর্তারা লক্ষ্য করেন যে ১ হাজার টাকার নোটের ১৭টি বান্ডিল (মোট ১৭ লাখ টাকা) গায়েব হয়ে গেছে।
পরবর্তীতে বুথের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী নিজেই একটি নকল চাবি ব্যবহার করে অত্যন্ত গোপনে বুথ খুলে টাকাগুলো ব্যাগে ভরে চম্পট দেন।
চুরির এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে জানতে পারেন যে, আসামি আইয়ুব আলী সুদূর রংপুরে আত্মগোপন করে আছেন। পরে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে চুরি যাওয়া ১৭ লাখ টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান— “ব্যাংকের বুথ থেকে টাকা চুরির মামলার পর আমরা আসামির অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সাহায্য নিই। রংপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
মন্তব্য করুন