
নওগাঁর আত্রাইয়ে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৫০ পিস মাদক-নেশা জাতীয় ইনজেকশন ও ১৫টি অ্যাম্পুলসহ অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ডিলার কাউসারকে (২২) গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গান্ধী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে আত্রাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত কাউসার আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে অত্র অঞ্চলের মাদকের অন্যতম বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানা পুলিশ মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুপুর ইউনিয়নের গান্ধী মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে কাউসারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৫০ পিস নিষিদ্ধ মাদক ইনজেকশন এবং ১৫টি ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাউসার স্বীকার করেছে যে, সে নিজেই সীমান্ত এলাকা হিলি থেকে সরাসরি এসব মাদক ও নেশা জাতীয় ইনজেকশন নিয়ে আসে এবং পরবর্তীতে আত্রাইসহ আশেপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে। আজ উদ্ধার হওয়া মাদকের চালানটিও সে হিলি সীমান্ত থেকেই নিয়ে এসেছিল। পুলিশ জানায়, কাউসার একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।
এ অঞ্চলের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষাকারী এই শীর্ষ মাদক ডিলার গ্রেফতার হওয়ায় আত্রাই এলাকার সর্বস্তরের মানুষের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে এবং তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।” মাদকমুক্ত সমাজ গঠনে চলমান এই মাদকবিরোধী অভিযানে আত্রাই এলাকার সাধারণ মানুষকে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
মন্তব্য করুন