
রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও বিএনপির কর্মী মো. ইউসুফ। এ ঘটনায় অস্ত্রধারী এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে ঘটনার কারণ বা বিস্তারিত বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন