সংখ্যালঘু নির্যাতন, চাঁদাবাজি, খুন, জোরপূর্বক ধর্মান্তর, দেশত্যাগে বাধ্যকরণ এবং মন্দির-প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিট থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রায় ১৫ থেকে ১৬ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী’র নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে সারাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন বন্ধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, জমি দখল, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
বক্তারা আরও বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদসহ সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব নকুল কুমার মন্ডল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সঞ্জয় চক্রবর্তী এবং হিন্দু যুব মহাজোটের সভাপতি ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি মধুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি থেকে দাবি আদায়ে প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মন্তব্য করুন