
বরগুনায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক।
পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (০৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতালা এলাকায় অবস্থিত গ্রিড সবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্টেশনটির যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরগুনা জোনাল অফিস ও স্থানীয়রা জানান, সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার গ্রিড সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনের ভেতরে একটি বিকট শব্দ হয়। এর পরপরই স্টেশনটির ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায় ও স্টেশনের ভেতরে থাকা অন্য ফিডার, বিভিন্ন তারের সংযোগ পুড়ে যাওয়াসহ বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও বরগুনা সদর সহ উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘রাতে অফিসে থাকা অবস্থায় হঠাৎ করে বিকট একটা শব্দে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে এসে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরণ হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। আমরা কাজ শুরু করেছি এবং ঘটনাটি কি কারনে ঘটলো তার জন্য সব যন্ত্রাংশ পরীক্ষা করে দেখছি। তবে যে যন্ত্রাংশটি পুড়ে গেছে তা পটুয়াখালী থেকে নিয়ে আসতে হবে।রাতের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন চালু সম্ভব নয়, আগামী মঙ্গলবার ৭ই জুলাই সন্ধার মধ্যে চালু করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান এই কর্মকর্তা।
মন্তব্য করুন