
বরগুনার তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি-২০০০ ব্যাচের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অনুশীলনের সময় হঠাৎ স্ট্রোক করে খোকন কর্মকার (৪০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেলে খেলা শুরুর আগে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে উপস্থিত সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খোকন কর্মকার (৪০) উপজেলার মালিপাড়া এলাকার দিলীপ কর্মকারের ছেলে। ঘটনার আকস্মিকতায় মাঠে উপস্থিত খেলোয়াড়, সমর্থক ও আয়োজকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নির্ধারিত প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়।
আয়োজক বন্ধুরা জানান, খেলার আগে সবাই একসঙ্গে অনুশীলন করছিলাম। হঠাৎ করেই খোকন অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়া যাই কিন্তু বন্ধুকে আর বাঁচানো যায়নি।
এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী জানান, হাসপাতালে আনার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন