
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আলোচিত অপরাধী রিন্টু আলী ওরফে রিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে একটি পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, রিন্টু আলী স্থানীয় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে চলতি বছরের ২ ফেব্রুয়ারি চরসাদীপুর গ্রামে সংঘটিত একটি নৃশংস ডাকাতির ঘটনায় তার সংশ্লিষ্টতা উঠে আসে। ওই ঘটনায় হামলা, গুলিবর্ষণ ও বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করা হয় এবং কয়েকজন আহত হন।
ঘটনার পর ভুক্তভোগীরা দৌলতপুর থানায় মামলা দায়ের করলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি জোরদার করে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
স্থানীয়দের অভিযোগ, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের ভয়ভীতি প্রদর্শনের পরিকল্পনাও করা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে রিন্টুর গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত। তাকে আইনের আওতায় আনা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
মন্তব্য করুন