
বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় সংঘটিত পৃথক দুটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় লুণ্ঠিত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
শনিবার (৬ জুন) জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসলাম সাকিদার (২৭), জিয়ারুল ইসলাম (৪৬), সাইদুর মন্ডল (৩৬), জুয়েল প্রামানিক (২৪) ও আব্দুল ওহাব (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নন্দীগ্রামের একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার তিন আসামির কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া শিবগঞ্জের আরেকটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে ৭.৫ আনা স্বর্ণালংকার ও কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়া জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে ডিবির কর্মকর্তারা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন