
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৪টি মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সেলিম চৌধুরী। তিনি খাতুনগঞ্জের ২৫৪ নম্বর সোনা মিয়া মার্কেটের আলহাজ্ব আবুল কালামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি চৌকস টিম আজ (৩১ মে) থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন— এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই জামাল মিয়া এবং এএসআই সাইদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মোট ৪টি সিআর সাজা ওয়ারেন্ট ছিল। এর মধ্যে রয়েছে— অর্থঋণ জারি মামলা নং- ৮২৮/২৫ সংক্রান্তে ০২ মাসের দেওয়ানি আটকাদেশ, অর্থঋণ জারি মামলা নং- ৯৭২/২৫ সংক্রান্তে ০৩ মাসের দেওয়ানি আটকাদেশ এবং অর্থজারি মোকদ্দমা নং- ৫০৯/১৮ এর দুটি আলাদা ওয়ারেন্টে ০৬ মাসের দেওয়ানি আটকাদেশ।
কোতোয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া ও বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে সিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন