
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দরবার প্রধান শামিম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত রাজীব মিস্ত্রি (৩২) দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই মামলার ৩ নম্বর আসামি হিসেবে এজাহারে অন্তর্ভুক্ত ছিলেন।
র্যাব সূত্র জানায়, তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাত ১১টার দিকে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ও র্যাব-০৫ সদর কোম্পানির একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার থানা রোড এলাকায় একটি সেলুনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই রাজীব মিস্ত্রি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, শামিম জাহাঙ্গীর হত্যা মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন