
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে প্রায় ৫০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সংগঠনটির সভাপতি আনোয়ার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ মে দুপুর ২টায় নয়াপল্টনে অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। সমাবেশে দেশের বর্তমান শ্রম পরিস্থিতি, শ্রমিকদের অধিকার এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
নেতৃবৃন্দ জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও তাদের জীবনমান উন্নয়নের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। তারা শ্রমিকদের বৃহৎ অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
মন্তব্য করুন