
বগুড়ার ধুনটে সালাম আকন্দ (৫৯) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৪ অক্টোবর সকালে বাড়ি থেকে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজের ছোট ভাই আব্দুর রাজ্জাক ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
নিখোঁজ সালাম আকন্দ ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের সোবাহান আকন্দের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সালাম আকন্দ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্বাভাবিকভাবে কথা বলতে সমস্যা হয় এবং মানসিক অবস্থাতেও পরিবর্তন দেখা দেয় বলে পরিবারের সদস্যরা জানান।
নিখোঁজের ছোট ভাই আব্দুর রাজ্জাক জানান, গত ৪ অক্টোবর শিবগঞ্জে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সালাম আকন্দ। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
পরিবারের পক্ষ থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। সালাম আকন্দের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আব্দুর রাজ্জাক।
মন্তব্য করুন