
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, জনগণের কাছে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিরোধী দল তাদের নেতাকর্মীদের উসকানি দিয়ে বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচনে যেসব আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট তৈরি হয়নি এবং সার নিয়ে কোনো আন্দোলনও হয়নি। তাঁর দাবি, অন্য এলাকাগুলোতে সারের সংকটকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে জুনের মধ্যে শেষ হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কলঙ্ক বিএনপি গ্রহণ করবে না এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন