
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামের আউদিয়ার দোলা মাছের পুকুরে এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মৃত দেহের পরিচয় সনাক্ত করে। নিহত ব্যাক্তি আক্তার হোসেন (৫৫) কাঁশিপুর ইউনিয়নের এলাকার মৃত আনসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমানের ছেলে মহিউদ্দিন মিঠুর মাছের পুকুরের সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন আক্তার হোসেন। আবার কেউ কেউ ধারণা করছে, আক্তার হোসেনের স্ট্রোক করে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আক্তার হোসেন ও মিঠু আপন চাচা ভাতিজা।
পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটায় দিকে পুকুরের কিনারে আক্তার হোসনের মরদেহ দেখার পর এই খবর চারপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় করতে থাকে।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানার এসআই মুক্তা ঘটনাস্থলে হাজির হয়। তিনি জানান মরদেহর সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং ঘটনার তদন্তে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন