
দায়িত্বশীলদের নৈতিকতা, দক্ষতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সিলেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবির শেষ হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে আয়োজিত শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদের শুধু সাংগঠনিক দক্ষতা অর্জন করলেই হবে না; মানুষের সঙ্গে ভালো আচরণ, সহমর্মিতা ও উন্নত নৈতিক চরিত্রের মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে। মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর মাধ্যমে জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্ব পালনে যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা প্রয়োজন। এজন্য নিয়মিত জ্ঞানচর্চা, প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। স্থানীয় পর্যায়ের নির্বাচনসহ ভবিষ্যৎ দায়িত্ব পালনে যোগ্যতা ও দক্ষতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথাও বলেন জামায়াত আমীর।
তিনি আরও বলেন, মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের মর্যাদা দিতে হবে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর পাশাপাশি বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। এভাবে সংগঠনের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা তৈরি করা সম্ভব।
অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, অবৈধ উপার্জনের চিন্তা থেকে দূরে থাকতে হবে। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা এবং হারাম উপার্জন থেকে বিরত থাকা জরুরি।
পারিবারিক সম্পর্কের বিষয়েও তিনি দায়িত্বশীলদের প্রতি বিভিন্ন পরামর্শ দেন। মা-বাবার সঙ্গে ভালো আচরণের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সন্তানদের প্রতি কোমল ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান ভুল পথে গেলেও তাকে অভিশাপ না দিয়ে সংশোধনের জন্য দোয়া ও সহযোগিতা করা উচিত। একই সঙ্গে ছেলে-মেয়ের ক্ষেত্রে বৈষম্য না করার কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষাশিবিরে সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং নতুন নেতৃত্ব তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। দায়িত্বশীলদের নিজেদের নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগরীর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও মাওলানা আব্দুল মুকিতসহ অন্যান্য নেতারা শিক্ষাশিবিরে অংশ নেন। এতে সিলেট মহানগর জামায়াতের রুকনরাও উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সাংগঠনিক ও নৈতিক উৎকর্ষ অর্জনে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি এবং জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির বিষয়েও দায়িত্বশীলদের গুরুত্ব দিতে হবে।
মন্তব্য করুন