
বগুড়ার ধুনটে বিএনপি ও যুবদল নেতার দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেফতারের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান ময়নুল (৩৭) এবং ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মোঃ আবু বক্কর সরকার (৪৭)।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি মশাল মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে যুবদল নেতা রিপন সেখের ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমান ময়নুলকে আসামি করা হয়। এই মামলায় ৯৬ জনকে আসামি করা হয়েছিল।
অন্যদিকে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় ২০২৪ সালে করা মামলায় আবু বক্কর সরকারকে আসামি করা হয়। ওই হামলায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছিলেন।
ধুনট থানার ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, দুটি মামলার তদন্তে দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন