
বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং জাতীয় সংসদকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আইপিইউ প্রতিনিধিদলের পক্ষ থেকে মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।
আলোচনায় জাতীয় সংসদকে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে অর্থবহ বিতর্ক, মতবিনিময় ও সংলাপের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ডা. শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করতে বিরোধী দলের দায়িত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমতাভিত্তিক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বৈঠকে সংসদকেন্দ্রিক গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করার বিভিন্ন দিক উঠে আসে।
মন্তব্য করুন