
প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের কয়েকটি স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত, সদস্যসচিব নাঈম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচি নিয়ে সংগঠনের উপদেষ্টা মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার উদ্যোগ। তাই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”
সংগঠনের সদস্যসচিব নাঈম হোসেন বলেন, “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কমল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এ উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনায়ক তারেক রহমানের সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। আজকের একটি গাছই আগামী প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা হতে পারে।”
সংগঠনটির নেতাকর্মীরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসকে আরও সবুজ করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
মন্তব্য করুন