
ফরিদপুরে আবারও শিশুদের মধ্যে হামের উপসর্গ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪০ শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হামের উপসর্গযুক্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিনে ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১১০ শিশু ভর্তি হয়েছে। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, গত এক মাসে হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং একই সময়ে আক্রান্তের হারও অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে গত কয়েক দিনে নতুন করে শিশুদের মধ্যে উপসর্গ বৃদ্ধি পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২১ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশের বয়স ছিল এক বছরের নিচে।
ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল্লাহ হিস সায়াদ বলেন, শিশুদের জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “গত চার-পাঁচ দিনে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।”
তিনি আরও বলেন, শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে র্যাশ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা উচিত। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।
মন্তব্য করুন