
রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন,“জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় সিস্টেমের পরিবর্তন চেয়েছে।”
তিনি বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামোর সংস্কারই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য এবং সেই দাবিতে জামায়াতে ইসলামী শুরু থেকেই আপসহীন অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের চেতনা থেকে সরে আসার সব ধরনের আপসের প্রস্তাব জামায়াতে ইসলামী প্রত্যাখ্যান করেছে। তিনি সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের পথ অনুসরণ করলে সরকারেরও একই পরিণতি হতে পারে।
সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে দল আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।
শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেঞ্চ ও জনবল বাড়ানোর দাবি জানান।
রাষ্ট্রচিন্তক দিলারা চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের অর্জন নয়; এটি ছিল গণমানুষের আন্দোলন। তিনি সরকার ও বিরোধী দলকে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ পরিচালনার আহ্বান জানান।
বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদের সভাপতি নেছার উদ্দিন নাঈম রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। আহত জুলাইযোদ্ধা মো. রাকিব চিকিৎসা ব্যবস্থায় বৈষম্যের অভিযোগ তুলে আহত যোদ্ধাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাব প্রদান, জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন