রাজধানীর মিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ সোহেল (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জানা যায়, রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। আহত সোহেল পেশায় একজন মোবাইল ব্যবসায়ী এবং তার পিতার নাম নূর হোসেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানার কমলাপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ কাঁচাবাজার এলাকার একটি গলিতে বসবাস করেন।
বাহকের দেওয়া তথ্যমতে, সোহেল অটোরিকশাযোগে যাওয়ার সময় মিরপুর থানাধীন এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তার বন্ধু শওকত আহমেদ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
মন্তব্য করুন